স্বামীসহ কারাগারে ই-অরেঞ্জ মালিক

১৭ আগষ্ট, ২০২১ ২০:৩৫  
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানকে মঙ্গলবার সন্ধ্যায় কারাগারে পাঠিয়েছেন আদালত। বিকেলে পুরন ঢাকার গারদখানা থেকে তাদের সরাসরি কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিকের আদালতে আত্মসমর্পণ করেন ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী।  এসময় আইনজীবীর মাধ্যমে জামিনের জন্য আবেদন করেন তারা। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে  এসময় কোনো রিমান্ড আবেদন করেনি রাষ্ট্রপক্ষ। এদিকে ই–কমার্স প্রতিষ্ঠান ই–অরেঞ্জকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল থেকে এ নোটিশ দেওয়া হয়। এতে সাত দিন সময় দিয়ে ই–অরেঞ্জকে সম্পদের হিসাব দিতে বলা হয়েছে। বলা হয়েছে, গত ৩১ জুলাই পর্যন্ত সম্পদ, দায় ও চলতি মূলধনের পরিমাণ কত, তা জানাতে হবে। সরবরাহকারীদের কাছে বকেয়া থাকলে তার পরিমাণ কত, তা–ও জানাতে হবে। মূলত: ই-অরেঞ্জের ‘প্রতারণার শিকার’ মো. তাহেরুল ইসলাম নামের একজন গ্রাহক মঙ্গলবার সকালে এই মামলাটি দায়ের করেছেন। এসময় উপস্থিত থেকে তার সঙ্গে সাক্ষ্য দিয়েছেন আরও ৩৭ জন।